ব্যথার রুকইয়াহ
১. উসমান ইবনে আবিল আস ছাকাফী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। আমার তখন এমন ব্যথা ছিল যে তা যেন আমাকে ধ্বংস করে দেবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: তোমার ডান হাতটি ব্যথার স্থানে রাখো। অতঃপর উক্ত হাত দিয়ে সেখানটিতে সাতবার মোছা দাও এবং বল—
أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ
অর্থ— আল্লাহর মহাপরাক্রম, কুদরত ও আদিপত্যের ওয়াসীলায় আমি আমার এই কষ্ট থেকে পানাহ চাই।
উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু বলেন: আমি তাই করলাম। যে কষ্ট ছিল, আল্লাহ তাআলা তা দূর করে দিলেন। তখন থেকেই আমি আমার পরিজন ও অন্যান্য লোকদেরকে এই দুআ পাঠের নির্দেশ দিয়ে থাকি। (মুসলিম, তিরমিজি, ইবনু মাজাহ; হাদিস নং: ৩৫২২)
২. হযরত উসমান ইবনে আবিল আস ছাকাফী (রা.) থেকে বর্ণিত। তিনি রসূলুল্লাহ (সা.)-এর কাছে ইসলাম গ্রহণের পর থেকে যে ব্যথায় ভুগছিলেন, সে ব্যাপারে অভিযোগ করলেন। অতঃপর রসূলুল্লাহ (সা.) তাকে বললেন: তোমার হাত ব্যথার স্থানে রেখে তিনবার “বিসমিল্লাহ” বলো। অতঃপর সাতবার বলো—
أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
৩. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর এবং সব ধরনের ব্যথার ক্ষেত্রে এটি বলতে শিখিয়েছেন—
بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ
অর্থ: আল্লাহর নামে, যিনি মহান। আমি মহামহিম আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি রক্তচাপের আক্রমণ থেকে এবং জাহান্নামের আগুনের উত্তাপ থেকে। (তিরমিজি, হাদিস নম্বর: ২০৮১)
৪. হযরত আয়শা (রা.) বলেন, রসূলুল্লাহ (সা.) যখন অসুস্থতা অনুভব করতেন, তখন মুআওয়িযাত তথা সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে নিজের শরীরে ফুঁ দিতেন। (মুসনাদে আহমাদ, হাদিস নং: ২৪৮৩১)
আরো পড়ুন—জ্বর এবং সব ধরণের ব্যথার রুকইয়াহ