জিনকে জ্বালিয়ে দেওয়া ও কষ্ট দেওয়ার সহজ ও কার্যকর আমল
যারা দীর্ঘদিন ধরে জিন দ্বারা আক্রান্ত, তারা জিনকে জ্বালিয়ে দেওয়া ও কষ্ট দেওয়ার এই আমলটি নিয়মিত করতে পারেন। এভাবে লাগাতার কষ্ট দিতে থাকলে একসময় জিনের জন্য আপনার শরীরে অবস্থান করা মারাত্মক কষ্টকর ও যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়াবে। এতে সে শরীর ছেড়ে বের হয়ে যেতে বাধ্য হবে। অথবা আল্লাহ পাক কবুল করলে এই আমলের বরকতে তাকে জ্বালিয়ে ফেলবেন।
নিয়তঃ আমলটি শুরু করার পূর্বে প্রথমে নিজের সকল গুনাহ থেকে খাঁটি দিলে তাওবা করে নিন। এরপরে মুখে উচ্চারণ করে নিয়ত করুন-
“আল্লাহ, আমার অসুস্থতার সাথে সংশ্লিষ্ট জিনকে হেদায়েত থাকলে হেদায়েত দিন। নতুবা আপনি তাকে জ্বালিয়ে দিন, মারাত্মক শাস্তি দিন। আমাকে যে সব বিষয়ে কষ্ট দিচ্ছে, আমার শরীরের যে সব জায়গায় কষ্ট দিচ্ছে, তাকে তার চেয়ে কয়েকগুণ বেশি কষ্ট দিন। তার উপরে আপনার সে সব লা’নত বর্ষণ করুন, যা আপনি ফেরাউন, কারুন, হামান, নমরুদ ও ইবলিসের উপরে বর্ষণ করেছেন। আমার শরীর থেকে জিনকে বের হয়ে যেতে বাধ্য করুন। আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিন। নিশ্চয়ই আপনি সর্বময় ক্ষমতার অধিকারী।”
এভাবে রাগ ও ক্ষোভের সাথে জিনের শাস্তি প্রার্থনা করুন। অনুনয় ও বিনয়ের সাথে নিজের যাবতীয় সমস্যা থেকে সুস্থতা কামনা করুন।
আমলের ধাপসমূহ
নিয়ত করা এই আমলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ । সময় নিয়ে পূর্ণ মনোযোগ ও আন্তরিকতার সাথে নিয়ত করার পরে এবার আমল শুরু করুন ।
আয়াতুল কুরসি
১। ২১ বার আয়াতুল কুরসি পড়ুন। (সংখ্যা নির্ধারিত নয়। হাতে সময় থাকলে আরও বেশিও পড়তে পারেন। তবে বেজোড় সংখ্যকবার পড়বেন।) এবার অর্থের দিকে খেয়াল করে শুধু শেষাংশ— (وَلَا یَـُٔودُهُۥ حِفۡظُهُمَاۚ وَهُوَ ٱلۡعَلِیُّ ٱلۡعَظِیم) অনেকক্ষণ পর্যন্ত বারবার পড়তে থাকুন।
অর্থ : আসমান ও যমীনের রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান আল্লাহর জন্য কঠিন কিছু নয়; এতে তাঁর বিন্দুমাত্র কষ্ট হয় না। তিনি অতি উচ্চ মর্যাদাসম্পন্ন, মহিমান্বিত।
সূরা সাফ্ফাত
২। সূরা সাফ্ফাতের প্রথম দশ আয়াত ২১ বার বা বেজোড় সংখ্যায় আরও বেশিবার পড়ুন। এরপর অর্থের দিকে খেয়াল করে দশম আয়াতের শেষাংশ— (فَأَتۡبَعَهُۥ شِهَابࣱ ثَاقِبࣱ) ১০–২০ মিনিট বা পারলে আরও বেশি সময় পড়ুন।
অর্থ: জ্বলন্ত উল্কাপিণ্ড তাদের পিছু নেয়।
সূরা বুরুজ
৩। সূরা বুরুজের দশ নম্বর আয়াত ২১ বার পড়ুন। এরপর অর্থের দিকে খেয়াল রেখে দশম আয়াতের শেষাংশ— (فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِیقِ) ৪১ বা ১০০ বার অথবা ২০–৩০ মিনিট—যেদিন যেভাবে সময় পান—বারবার পড়তে থাকুন।
অর্থ: ওদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং ওদেরকে আগুনে জ্বলার শাস্তি দেওয়া হবে।
উপরের আমল করার সময় খাওয়ার উপযোগী এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, বেশি পরিমাণ পানি ও মধু কাছে রাখবেন। আমল শেষে প্রথমে নিজের শরীরে ফুঁ দেবেন। এরপর উভয় হাতে ফুঁ দিয়ে পুরো শরীর মুছে নেবেন। তারপর অলিভ অয়েল, মধু ও পানিতে ফুঁ দিয়ে রাখবেন।
দ্বিতীয় দিন থেকে আমল শুরু করার আগে আগের দিনের পড়া পানি দিয়ে গোসল করে নিন। পেট ভরে পড়া পানি পান করে নিন। ফুঁ দেওয়া অলিভ অয়েল পুরো শরীরে মালিশ করুন। এরপর আমল শুরু করুন। এভাবে তিন সপ্তাহ আমল করার পরে এর ফলাফল নিজেই উপলব্ধি করবেন—ইনশাআল্লাহ।